বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জাল ভোটের মহোৎসব সিলেটে, সংঘর্ষ

sylhet-jal votসিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোটের মহোৎসব হয়েছে। জাল ভোট প্রদানের ছবি তুলতে গিয়ে সেখানে সাংবাদিকরাও লাঞ্চনার শিকার হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় যুবলীগ নেতা দুলাল আহমদ ও কিলার সাহেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বেশ কয়েকজন যুবক আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এ সময় কেন্দ্রের বাইরে থাকা স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হামলাকারীরা ওই ভোটকেন্দ্রে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং কেন্দ্রের বাইরে তাকা বিএনপির পোলিং বুথ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলা ১টা ৪০ মিনিটের দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজের নেতৃত্বে নগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সেলিম আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জয়নাল, ছাত্রলীগ নেতা  রাকেশ তালুকদার, জুয়েল, যুবলীগ নেতা দুলাল, কিলার সাহেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জিল্লুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা উস্তার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল ওই কেন্দ্র পরিদর্শনে যায়।

কিছুক্ষণ পর মিসবাহ উদ্দিন সিরাজ ওই কেন্দ্র থেকে কয়েক শ গজ দূরে যাওয়ার পর বেশ কয়েকজন যুবক ভোটকেন্দ্রে ঢুকে জাল ভোট প্রদানের মহোৎসবে মেতে ওঠে। এ সময় কর্তব্যরত রিটার্নিং অফিসার, পোলিং এজেন্টসহ অন্যদের অসহায় অবস্থায় দেখা যায়।

এদিকে জাল ভোট প্রদানের ছবি তুলতে গেলে ওই যুবকরা স্থানীয় সাংবাদিকদের লাঞ্চিত করে। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা উপস্থিত হলে জাল ভোট প্রদানকারী যুবকরা পালিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ঘটনাস্থল থেকে বলেন, ‘দুই যুবক জাল ভোট দেয়ার চেষ্টা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই যুবকদের আটকের চেষ্টা চলছে।’

আরও পড়ুন