বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নির্বাচন কমিশনকে দৃষ্টান্ত স্থাপন করতে বিএনপির অনুরোধ

bnpঅনিয়মের কারণে কিছু কেন্দ্রের নির্বাচন বাতিল করে নির্বাচন কমিশনকে (ইসি) দৃষ্টান্ত স্থাপন করতে অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

আবদুল্লাহ আল নোমান বলেন, ইসি যে সরকারের আজ্ঞাবহ, ‘এ নির্বাচন যে তামাশার সেটা জনগণকে দেখাতে আমরা নির্বাচনে এসেছি। জনগণ দেখেছে।’

৭১২টি ইউনিয়নের মধ্যে বেশির ভাগ ইউনিয়নে কারচুপি ও দখল হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘এসব ইউপির মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে সেগুলো বেছে বেছে অন্তত ৫০টি ইউপির নির্বাচন বাতিল করতে পারে সে ক্ষেত্রে একটি দৃষ্টান্ত তৈরি হতে পারে। ফলে পরের ধাপে কেন্দ্র দখলের প্রবণতা কমে যাবে। ইসির প্রতি মানুষের আস্থা বাড়বে। এ বিষয়ে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি।’

আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘মানুষ যাতে নির্বাচনের প্রতি আগ্রহ ও আস্থা হারায় সে জন্য নির্বাচন দলভিত্তিক করা হয়েছে। সরকার ভবিষ্যতে ভোটারবিহীন নির্বাচন করতে চায়।’

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও ​দলের চেয়ারপারসনের উপদেষ্টা সুজাউদ্দিন।

আরও পড়ুন