দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
প্রথম দফায় ভোট হওয়া মোট ৭১২টি ইউপির মধ্যে রাত দেড়টা পর্যন্ত ৫৫৯টির চেয়ারম্যান পদে ফলাফল যুগান্তর অনলাইনের হাতে এসেছে।
এতে ৪৩৬টিতে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। আর ৩৪টিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টি থেকে জয় পেয়েছে চারজন।
স্বতন্ত্র হিসেবে ৭৮ জন এবং অন্যান্য দলের সাতজন চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র হিসেবে বিজয়ী চেয়ারম্যানরা বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
ভোটের আগেই অবশ্য ৫৪টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হন।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নানা অনিয়ম আর সহিংসতার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপির ২৭ চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’জন, জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র চার প্রার্থী রয়েছেন।
ভোটে কেন্দ্র দখল, ভোটারদের ভোটদানে বাধা আর বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনায় অন্তত ৪০টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করতে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছে নির্বাচন কমিশন।


