বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাইবার বিশেষজ্ঞ জোহাকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার

18564_121175নিখোঁজ হওয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জোহার চাচা মাহবুবুল আলম গণমাধ্যমকে জানান, মঙ্গলাবার গভীর রাতে এয়ারপোর্ট এলাকা থেকে উদভ্রান্ত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনী। তারা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য বলে তার ধারণা।

বাসায় ফিরে আসার পর তানভীরকে সাংবাদিকদের সামনে আনা হয়নি। এত দিন তিনি কোথায় ছিলেন, কীভাবে নিখোঁজ হলেন—এসব বিষয় জানতে চাইলে তার চাচা মাহবুবুল আলম বলেন, তানভীরকে বিষণ্ন ও উদ্ভ্রান্ত দেখাচ্ছে। তাঁর সুস্থতা জরুরি। তাই তাঁর কাছে কিছু জানতে চাওয়া হয়নি। তিনি সুস্থ হলে তাঁর সঙ্গে কথা হবে। আপাতত তাঁকে নিরাপদে রাখা হয়েছে।

তানভীরকে ফিরে পাওয়ায় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মাহবুবুল আলম। তিনি বলেন, আর যেন কেউ কখনো নিখোঁজ না হন।

তানভীর হাসান গত ১৬ মার্চ দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাসায় আসেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বাসায় পৌঁছে দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তানভীর মধ্যরাতে বিমানবন্দর এলাকায় উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে চিনতে পেরে দিবাগত রাত দুইটার দিকে বাসায় পৌঁছে দেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর তানভীর বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। নিজেকে তিনি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়, তানভীরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

এ ঘটনার পর গত বুধবার রাতে কচুক্ষেত এলাকায় অজ্ঞাত কয়েকজন তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

আরও পড়ুন