বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শ্যালা নদীতে নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত

shall_river_cargo_7751সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরণের নৌযান চলাচল স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তবে এ সিদ্ধান্ত আটকে থাকা বাংলাদেশ-ভারত প্রটোকলের ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ পার করে দেওয়ার পর কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে ‘নদীর নাব্যতা ও স্বাভাবিক গতি প্রবাহ অব্যাহত রাখা’ সংক্রান্ত টাস্কফোর্সের সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, বাগেরহাটের মংলায় সুন্দবনের মাঝাখানের শ্যালা নদীতে একটি ট্যাঙ্কার, পরবর্তী সময়ে কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনায় পরিবেশগত হুমকি দেখা দিয়েছে। আটকে থাকা বাংলাদেশ-ভারত প্রটোকলের ১২ ফুটের বেশি গভীরতার কয়েকটি জাহাজ আপাতত শ্যালা দিয়ে পার করে দেওয়া হবে। এরপর আর কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না।

এ সিদ্ধান্ত কার্যকর করতে কোস্ট গার্ডকে নির্দেশনা দেয়া হয়েছে এবং তারা সেভাবে কাজ শুরু করেছে বলেও জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, আমরা ১২ ফুট গভীরতার জাহাজ আমরা মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করাচ্ছি। এর চেয়ে বেশি গভীরতার জাহাজগুলো শ্যালা নদী দিয়ে চলত। সেটাও বন্ধ করে দেয়া হবে। এখন থেকে ১২ ফুটের বেশি গভীরতার জাহাজ আন্ডার লোড (পণ্য কমিয়ে বহন) করে মংলা-ঘষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ডিসেম্বর বাগেরহাটের সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে অপর একটি জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টার-৭ ডুবে যায়।

সাউদার্নের বহন করা  তিন লাখ ৫৭ হাজার লিটার ফার্নেস ওয়েল নদীতে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিবেশ দূষণ হয়।

সর্বশেষ গত শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে ‘এম ভি সি হর্স-১’ নামের কয়লাবাহী জাহাজ ডুবে গেছে।

আরও পড়ুন