মাদ্রাসা কখনও জঙ্গি সৃষ্টি করে না- সুবিধাবাদী সন্ত্রাসীরা ইসলামের নাম ভাঙিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে। বলেছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মাদ্রাসার ষষ্ট শ্রেণির পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের চূড়ান্তকরণ রিভিউ কর্মশালা বিষয়ক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ অনুষ্ঠান হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসীরা দেশে অরাজকা সৃষ্টি করে মাদ্রাসার শিক্ষার্থীদের নামে দুর্নাম ছড়ায়। মাদ্রাসা জ্ঞান অর্জনের জায়গা, জ্ঞানে ভাণ্ডার। কিন্তু নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীরা টার্গেটে পড়ে যায়।
মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ৪টি পাঠ্য বইয়ের ই-বুক বা অনলাইন ভার্সন বিষয়ে তিনি বলেন, আমরা যখন মাদ্রাসার এসব বই ডিজিটাল করার পরিকল্পনা করি তখন কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ মাদ্রাসার বই ডিজিটাল করার উদ্যোগ একদমই নতুন। আশা করি, মাদ্রাসা শিক্ষাকে আমরা আরও আধুনিক ও যুগোপযুগী করতে পারবো।
বইগুলো সম্পাদনায় থাকা মাওলানা ও আলেমদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বইয়ের রিভিউ চলছে। আপানার খুব ভালোভাবে রিভিউ করুন। যেন কোথাও কোনও ভুল না থাকে, কোনও অর্থ কোনও ব্যাখার যে চ্যুতি বিচ্যুতি না ঘটে। ওলট পালট থাকলে আবার সমালোচনায় পড়তে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এ. কে. এম ছায়েফ উল্যা। অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেইন, অতিরিক্ত সচিব এস. এম. এহসান কবীর প্রমুখ।


