জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজিরা দিতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও জিয়া উদ্দিন জিয়া হাজিরা দেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তার পরবর্তী জেরার জন্য ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করা হয়।
তাকে জেরা করেন মামলার অন্যতম আসামি মনিরুল ইসলাম খানের আইনজীবী। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য ৩১ মার্চ দিন ধার্য করেন আদালত।
গত ৭ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশীদ সাক্ষ্যপ্রদান শেষ করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক হারুনুর রশিদ।
মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বি আইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
মামলার এজাহারে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।


