কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।
রিজভী আহমেদ নিহত তনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২০ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকার একটি কালভার্টের কাছ থেকে পুলিশ সোহাগী জাহান তনুর (১৯) মরদেহ উদ্ধার করে। পুলিশ বলেছে, তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।


