খাদ্যনালীর সমস্যা নিয়ে বেশ কিছুদিন রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কণ্ঠশিল্পী সংগীতশিল্পী রোমানা আক্তার ইতিকে ভারত নেয়া হচ্ছে।
গত মঙ্গলবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। এখন উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হবে বলে জানিয়েছেন ইতির বড় ভাই মো. আব্দুল বারী। তিনি বলেন, ‘এখন ইতির শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার পাকস্থলির থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তা এখন বন্ধ হয়েছে। কিন্তু তার পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অপারেশন করতে হবে। এর আগে ভারতে যে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়েছিল ওনার কাছেই আবারো নিয়ে যাব।’
আব্দুল বারী আরো বলেন, ‘সব কিছুই গুছিয়েছি। আগামী সপ্তাহে ইতির উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে যাব। সবাই ওর জন্য দোয়া করবেন।’
এদিকে গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি থাকাবস্থায় ইতির চিকিৎসার জন্য প্রতিদিন খরচ হয়েছে ৮০-৯০ হাজার টাকা। এই ব্যয়ভার বহন করা তার পরিবারের জন্য খুবই কষ্ঠসাধ্য ব্যাপার। তাই ইতির পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানিয়েছেন ইতির বড় ভাই।
এর আগে ২০০৫ সালে একই সমস্যা হয়েছিল ইতির। তখন ভারতে নিয়ে অপারেশন করা হয়েছিল। তারপর দীর্ঘ দিন সুস্থ ছিলেন ইতি। এ অপারেশন করতে গিয়েও অনেক টাকা খরচ হয় ইতির পরিবারের।
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান মেধাবী এই সংগীতশিল্পী। এদিকে সংগীতপ্রেমী অনেকেই শুরু থেকে ইতির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
ইতির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আব্দুল বারী, অ্যাকাউন্ট নম্বর ২৩৬১০ রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।


