বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কী একের পর এক প্রহসনে মেতেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি! কিছুদিন আগেই এশিয়া কাপ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশ যে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে সেই চিন্তা না করেই ফাইনালে ম্যাচের আগেই টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি তৈরি করে আইসিসি।
এবার আবারও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে অন্যায় করলো সংস্থাটি।
গত বুধবার ভারতের বিপক্ষে ১ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের জরিমানা করেছে আইসিসি। অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ২০ শতাংশ এবং অন্যদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়।
তবে ওই ম্যাচে বাংলাদেশের তুলনায় ভারত বোলিংয়ে সময় বেশি নিলেও তাদের কারো জরিমানা করা হয়নি।
ম্যাচের সময় বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশ বল করার সময় ১০৪ মিনিট সময় নেয়। অথচ চরম উত্তেজনাকর ওই ম্যাচে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সময় নেন ১১০ মিনিট।
বিশেষ করে শেষ ওভারে যখন বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। ওই ওভারে হার্ডিক পান্ডিয়াকে প্রতি বলে পরামর্শ দেন দলের সব খেলোয়াড়।
মাশরাফির চেয়ে ৬ মিনিট সময় বেশি নিয়ে বল করলেও ভারতের কোনো জরিমানা করা হয়নি। তিন মোড়লের এক মোড়ল বলেই আইসিসির সুনজর পড়েছে তাদের ওপর? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
প্রসঙ্গত, গত বুধবার ভারত-বাংলাদেশ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করতে নামে মাশরাফির দল। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিয়ে ভারতকে ১৪৬ রানে বেঁধে ফেলে টাইগাররা।
অবশ্য ব্যাটিং করতে নেমে উত্তেজনার ওই ম্যাচে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান করে বাংলাদেশ। নিজেদের টি-২০’র ইতিহাসে প্রথমবারের মতো এক রানে হেরে যায় টাইগাররা।


