পরকীয়া প্রেমে জড়িয়ে দুপুরে ঘর ছাড়ার পর পরদিন সকালে একই গাছে ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের লাশ পাওয়া গেছে।
শনিবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম থেকে ওই যুগলের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুগল হলেন, আমগ্রামের আবদুল মজিদের ছেলে খোকন ইসলাম (২৩) ও আবু সাইদ বুদনের স্ত্রী তিনা খাতুন (২৭)।
খোকনের পরিবারের অভিযোগ, দু’জনের প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরেই তিনার স্বামী তাদের হত্যা করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আবু সাঈদ বুদনের স্ত্রী ও এক সন্তানের জননী তিনার সঙ্গে রাজশাহী নগরীর ইলেক্ট্রনিক্স দোকানের কর্মচারি খোকনের দীর্ঘদিনের পরকীয়া প্রেম চলছিল।
শুক্রবার দুপুরে খোকনের সঙ্গে ঘর ছাড়ে তিনা। খবর পেয়ে তাদের খুঁজতে বের হন তিনার স্বামী বুদন ও তার লোকজন। তারা দিনভর খুঁজেও তিনা ও খোকনের খোঁজ পাননি বলে এলাকাবাসিকে জানান।
কিন্তু শনিবার সকালে বুদনের বাড়ির পাশে একটি আম গাছে দুজনের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনা ও খোকনের কোমর একই ওড়না দিয়ে বাঁধা ছিল। তাদের লাশও একই সঙ্গে ওড়না দিয়ে গাছে ঝুলানো ছিল।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, তাদের হত্যা করা হয়েছে, নাকি তারা আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


