মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)-এর মধ্যে মিষ্টি বিতরণ হয়েছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ এ উদ্যোগ গ্রহণ করা হয়।
আখাউড়া স্থলবন্দর বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে আখাউড়া স্থলবন্দর সীমান্তের নো-ম্যান্সল্যান্ডে ভারত ত্রিপুরার লঙ্কামুড়া ক্যাম্প কমান্ডার কৃষাণ আখাউড়া স্থলবন্দর বিওপি ক্যাম্প কমান্ডার মোফাজ্জেল হোসেনের সঙ্গে কুশল বিনিময় শেষে বিএসএফের পক্ষ থেকে বিজিবির হাতে তিন প্যাকেট মিষ্টি উপহার দেন।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া সদর বিজিবি কোম্পানি কমান্ডার মোশারফ হোসেন ১২ব্যাটালিয়ন বিজিবি পক্ষ থেকে ত্রিপুরা ১৯৫ ব্যাটালিয়নের লঙ্কামুড়া বিএসএফের কোম্পানী কমান্ডার কৃষাণের হাতে বিএসএফ গকূলনগর সেক্টর কমান্ডার, বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক ও স্থলবন্দর বিএসএফ ক্যাম্পের জন্য তিন প্যাকেট মিষ্টি উপহার হিসাবে তুলে দেন ।
আখাউড়া সদর কোম্পানী কমান্ডার মোশারফ হোসেন যুগান্তরকে বলেন, এতে ভারত-বাংলাদেশ দু’দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।


