দুর্নীতি প্রতিরোধে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ শনিবার সকাল ৮টায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্বোধনকালে দুদকের প্রধান কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের কার্যক্রম আইনের আওতায় করা হবে। এখানে কোন ব্যক্তি বা অন্য কোন পরিচয়কে ছাড় দেয়া হবে না। আমরা আইন অনুযায়ী যা যা করা দরকার তাই করবো।
তিনি বলেন, দুর্নীতিকে দেশ থেকে নির্মূল করতে হলে এবং দুর্নীতিকে বিদায় জানাতে প্রতিটি স্তরে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনই কেবল পারে দুর্নীতি প্রতিরোধ করতে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা শুধু একটি মামলার (বেসিক ব্যাংক কেলেঙ্কারী মামলা) কথা বলছেন। কিন্তু আমাদের কাছে এখনো হাজার হাজার মামলা আছে। যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। একই সঙ্গে এসব মামলা সমানভাবে দেখতে হবে।
এসময় দুদকের কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক মঈদুল ইসলাম, শামসুল আরেফিন, জিয়া উদ্দিন, শহিদুজ্জামান, নূর আহমেদসহ বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


