বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন

Kolkata-BD-HIghনানা কর্মসূচির মধ্য দিয়ে কলকাতায় বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আজ শনিবার সকালে কলকাতায় অবস্থিত উপদূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

জাতীয় পতাকা উত্তোলনের সময় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। পতাকা উত্তোলন শেষে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই সঙ্গে দেশের স্বাধীনতায় আত্মবলিদান করা বীর শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে জকি আহাদ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নে লালিত সোনার বাংলা উন্নয়নের পথ ধরে এগিয়ে চলছে। বর্তমান সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বিশ্ব মানচিত্রে মধ্যমা দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ।’

স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদূতাবাসের হেড অব চ্যান্সেরি মিঞা মহম্মদ মইনুল কবীর, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবালসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন