নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদকে অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনা ও বিমান বাহিনীর প্রধান।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার উপস্থিতিতে নিজামউদ্দিনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে এ বিষয়ে সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে গত জানুয়ারিতে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে বেছে নেয় সরকার। ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে ২৭ জানুয়ারি তিনি নতুন দায়িত্বে যোগ দেন।
১৯৭৯ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেওয়া নিজামউদ্দিন আহমেদ তখনকার যুগোস্লাভিয়ার মার্শাল টিটা নেভাল একাডেমি থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ১৯৮১ সালের ১ অগাস্ট কমিশন পান।
কর্মজীবনে তিনি নৌ সদর দপ্তরের পার্সনেল সার্ভিসের পরিচালক ও নৌ প্রধানের সচিবের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি ও টিএএস স্কুলের প্রশিক্ষক এবং বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালকের (অপারেশন) দায়িত্বেও।
নৌ বাহিনীর তিনটি ফ্রিগেটের নেতৃত্ব দেওয়ার ‘সম্মান অর্জনকারী’ নিজামউদ্দিন বাহিনীতে তার কাজের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘অসাধারণ সেবা পদক’ পেয়েছেন।
২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি নৌবাহিনীর এই কর্মকর্তাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার পর ২০১৩ সালে তাকেই চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশের হয়ে আইভোরি কোস্টে জাতিসংঘ শান্তি মিশনেও দায়িত্ব পালন করেছেন নৌবাহিনী প্রধান।


