শিশু রমজানের নেতিবাচক ছবির রহস্য উদঘাটন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। শিশুশ্রম ও মানবতাবোধ সামনে এনে খাবার হোটেলের প্লেট নিয়ে খেলা করা অবস্থায় শিশুটির ছবি ফেসবুকে আপলোড করা হয়। বিষয়টিকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নামে কিছু ব্যক্তি।
সোমবার রাজধানীর মিরপুর-১ এর শাহ আলী মার্কেটের পেছনে রমজান হোটেলে সরোজমিনে গিয়ে প্রকৃত সত্য উদঘাটন করতে সক্ষম হন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
তন্ময় বলেন, ২৭ মার্চ ফেসবুকের অনেক বন্ধু শিশু রমজানের ছবিটি ইনবক্সে পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইলে, আমি শিশুটির সব দায়িত্ব গ্রহণ করার কথা লিখে তার বিস্তারিত তথ্য কারো জানা থাকলে আমাকে জানানোর অনুরোধ করি। এক পর্যায়ে শিশুটির ঠিকানাও আমি জানতে পারি।
তন্ময় বলেন, বোয়াফ’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক, কেন্দ্রীয় সদস্য আবদুর রহিমসহ আমরা তিনজন সরেজমিনে গিয়ে জানতে পারি, বাবা-মো. রফিক, মা-আশা বেগম আদর করে শিশু রমজানের নামেই ‘রমজান হোটেল’ হোটেল দিয়েছেন। আরো দুইজনকে নিয়ে ওই হোটেলেই আমি দুপুরের খাবার খেয়েছি। রমজানদের আরও ২টা খাবার হোটেল রয়েছে বলেও জানান কবীর চৌধুরী তন্ময়।
তিনি আরো বলেন, শিশুটি আসলে ওই হোটেলে কাজ করে না। সে হোটেলের সামনে খেলাধুলা করে। চার বছরের ছোট্ট শিশু রমজানের প্লেট নিয়ে খেলা করা অবস্থায় কে বা কারা মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন নেতিবাচক স্ট্যাটাস, কমেন্টের মধ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক ও ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।
ইতোমধ্যেই শিশু রমজানের বাবা মো. রফিক এ ব্যাপারে মিরপুর-২ থানায় সাধারণ ডাইরি করেছেন (নং-১৯৯৩)। আমি নিজে এর তদন্তে থাকা এসআই ইদ্রিসের সাথে কথা বলেছি। এই ধরনের অপপ্রচার রোধে সবাই সচেতন ও সাবধান হবে বলে আশা প্রকাশ করেন বোয়াফ সভাপতি।


