বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রিমিয়ার ভার্সিটিতে ছাত্রদের সংঘর্ষ: নিহত ১

ctg-premiar varsityচট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। ছুরিকাহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। মঙ্গলবার বেলা ১টার দিকে ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার পর নগরীর প্রবর্তক মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালানো হয়েছে।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, “অষ্টম সেমিস্টারের বিদায়ী অনুষ্ঠানের কমিটি গঠন নিয়ে দুপুরে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী ছুরিকাহত হন।”

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাসিম আহমেদ সোহেল নাম ২৩ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান।

নিহত সোহেল বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং ভাংচুর চালায়।

ঘটনাস্থলের অনেকেই জানিয়েছেন, বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা প্রবর্তক মোড়ে অবস্থান নেওয়ার পর বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে প্রবর্তক মোড়ে কয়েকটি দোকানের কাচ ভাংচুর করে তারা।

আরও পড়ুন