বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকায় দুদকের ভুয়া পরিচালক গ্রেপ্তার

dudokদুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সংস্থাটি। তার নাম ইকবাল হোসেন চৌধুরী। মঙ্গলবার এ বিষয়ে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ইকবাল হোসেন চৌধুরী রাজধানীর খিলক্ষেত এলাকায় থাকেন। সেখানে তিনি নিজেকে দুদকের পরিচালক (প্রশাসন) হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা নেন বলে সংস্থাটির কাছে অভিযোগ আসে। দুদকের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

অনুসন্ধানে কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাতে দেখা যায়, ইকবাল হোসেন নিজেকে দুদকের পরিচালক পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করেন। বাংলাদেশ সরকারের মনোগ্রাম খচিত একটি ভিজিটিং কার্ডে নিজেকে লেফটেন্যান্ট কর্নেল এম আই চৌধুরী পরিচয় দিয়েছেন। অনুসন্ধান শেষে দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেন। এর পর তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন