বিমানের সার্বিক উন্নয়ন এবং কর্মকাণ্ডে গতিশীলতা আনতে চলতি বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নতুন এই পর্ষদের চেয়ারম্যান হয়েছেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী।
মুহাম্মদ ইনামুল বারীকে চেয়াম্যান করে ১৩ জনের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে বলে মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নতুন বোর্ড বিমানের জন্য এক ‘রাঙা প্রভাত’ নিয়ে আসবে। বিমান বাংলাদেশ বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ও মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর বিমান হবে বাংলাদেশের ‘মেঘদূত।’
পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সচিব মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম (এনআই) খান, বিমান বাহিনীর সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন ও ট্রেনিং) এয়ার ভাইস মার্শাল নাঈম হাসান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, সিভিল এভিয়েশনের এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, এমারজিন রিসোর্সেস লিমিটেডের চ্যাটার্ড অ্যাকাউন্টেট নূর-এ খোদা আবদুল মজিদ ও বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার আসাদুজ্জামান।


