বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আঙ্গুল চুষবেন না

ecm241432478907ইউনিয়ন পরিষদের ভোটে অনিয়ম ঠেকাতে ‘সমালোচনার মুখে থাকা’ আইন-শৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সতর্ক করেছেন এক নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ভোটকেন্দ্রে দর্শকের ভূমিকা রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাহজাহান বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সামনে অপরাধ হবে, আর সেখানে তারা আঙুল চুষবে- এ ধরনের কোনো বিষয় প্রশ্রয় দেব না। প্রিজাইডিং অফিসারের সামনে সিল মেরে যাবে আর তখন হা করে দাঁড়িয়ে থাকবে- সেটাও আমরা সহ্য করব না। এককথায় নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা করা দরকার সবটাই করতে হবে।”

প্রথমধাপের ভোটের আগে-পরে সহিংসতায় অন্তত ২২ জনের প্রাণহাণির পাশাপাশি অনিয়মের কয়েকশ অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে।

৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউপি ভোট; এর আগে সবাইকে সতর্ক করলেন এই নির্বাচন কমিশনার।

শাহনেওয়াজ বলেন, “প্রথম ধাপে কিছু অনিয়ম পেয়েছি, ব্যবস্থাও নিয়েছি। এখন সংশ্লিষ্টদের সতর্ক করে বলতে চাই- দায়সারা কাজ করে দায়িত্ব এড়াতে চাইলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম করলে চরম ব্যবস্থা নিতে পিছপা না হওয়ার জন্যে নির্দেশ দিয়েছি।”

পরিস্থিতি দেখে আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার।

“অনিয়ম বরদাশত করা হবে না। ব্যর্থতার জন্য কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে সে যেই হোক তাকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে মামলা করা হবে। ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি- এটা একটা সতর্ক বার্তা সবার জন্য।”

এই নির্বাচন কমিশনার জানান, নির্বাহী হাকিম ও ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের সব ধরনের ক্ষমতা রয়েছে। তারা যে কোনো বিষয়ে ইসিকে সরাসরি অবহিত করতে পারবেন।

আইন শৃঙ্খলাবাহিনী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২ ইউপিতে ভোট হয়েছে। ৩১ মার্চ অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ভোটের আওতায় রয়েছে প্রায় সাড়ে ছয়শ’ ইউপি।

দ্বিতীয় ধাপের প্রার্থীদের প্রচারণা শেষ হবে মঙ্গলবার রাত ১২ টায়। এবার মোট ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে, শেষ ধাপে ভোট হবে ৪ জুন।

আরও পড়ুন