মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুর্নবিবেচনা আবেদন) শুনানির দ্রুত দিন ধার্য চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছেন।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নিজামীর পক্ষে চূড়ান্ত রায়ে বহাল মৃত্যুদ-ের বিরুদ্ধে এ রিভিউ আবেদন করেন তার ছেলে ও আইনজীবী ব্যারিস্টার নাজীব মোমেন।
৭০ পৃষ্ঠার আবেদনে নিজামীর পক্ষে ৪৬টি যুক্তি তুলে ধরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে।
রিভিউ আবেদন দায়েরের পর সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিজামীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আশা প্রকাশ করে বলেছেন, ‘রিভিউয়ের রায়ে নিজামী খালাস পাবেন।
খন্দকার মাহবুব বলেন, আমরা অনেক আশা নিয়ে নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছি। রিভিউ আবেদনে আমরা দেখিয়েছি, আপিল বিভাগের রায়ে সাক্ষ্য পর্যালোচনার ক্ষেত্রে সঠিকভাবে আমাদের আবেদন মূল্যায়ন করা হয়নি। সাক্ষ্য-প্রমাণের সঠিক মূল্যায়ন করলে রিভিয়ের রায়ে নিজামী ন্যায়বিচার পাবেন।
নিজামীর আইনজীবী বলেন, নিজামী একজন বিশিষ্ট আলেম। মুক্তিযুদ্ধ নিয়ে যত বইপত্র রয়েছে, তার কোথাও নিজামীর নাম নেই বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির স্বাক্ষরের পর গত ১৫ মার্চ এ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা।
রায় প্রকাশের পর ওইদিন রাতে নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরদিন বুধবার সকালে এই পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছানোর পর তা পড়ে শোনানো হয় নিজামীকে।
ওইদিনই মৃত্যু পরোয়ানা শোনার পর আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রিভিউর সিদ্ধান্ত নেয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের এই শীর্ষ নেতা।
তার আইনজীবীরা জানান, নিজামীর বিশ্বাস, মিথ্যা ও অসত্যের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেয়া হয়েছে। রিভিউতে তিনি খালাস পাবেন।
বুদ্ধিজীবী হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের এই রায় বাতিল ও তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানিয়ে ওই বছরের ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। এরপর গত ৬ জানুয়ারি আপিলেও নিজামীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে আজ রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেন নিজামী।


