বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ডেকে এনে সাতক্ষীরার পুলিশ কর্মকর্তাদের শাসিয়েছে ইসি

sp-satkhiraইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ঠেকাতে ব্যর্থতার জন্য সাতক্ষীরার পুলিশ সুপার ও পাঁচ ওসিকে শাসিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ব্যর্থতা নিয়ে তাদের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করে দুই সপ্তাহের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জানাতে বলেছে ইসি। একইসঙ্গে যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়ে ফের ব্যবস্থা নিতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছে ইসি।

কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসির অধীনে অনিয়ম ঠেকাতে কঠোর নির্দেশনার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পুলিশ কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়ার এটাই প্রথম ঘটনা।

বুধবার শুনানিতে ইসির প্রশ্নবাণে জর্জরিত হয়ে নীরব ভূমিকা পালন করেন তারা।

সাতক্ষীরার পাঁচ উপজেলায় ভোটের আগে ব্যালট পেপারে সিল মারাসহ অনিয়ম রোধে ব্যর্থতার বিষয়ে এদিন এসপি চৌধুরী মঞ্জুরুল কবির ও পাঁচ ওসি মোস্তাফিজুর রহমান, এনামুল হক, শেখ মাসুদ করিম, এমদাদুল হক শেখ ও তরিকুল ইসলামের ব্যাখ্যা শোনে ইসি।

বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইসির সম্মেলন কক্ষে সিইসি ও কমিশনারদের মুখোমুখি হন তারা।

শুনানি শেষে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “পুলিশ কর্মকর্তাদের কাছে সার্বিক বিষয়ে ব্যাখ্যা শুনেছি। এ নিয়ে আমাদের সন্তুষ্টি-অসন্তুষ্টি দুটোই জানিয়েছি। তাদের ভুল ধরিয়ে দিয়েছি, তারা এখন তা বুঝতে পেরেছে। কিছু ব্যবস্থা নেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে তারা।”

আরও পড়ুন