রাজধানীর পল্টন থানার নাশকতার দুটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে বিকেল ৪টার দিকে মির্জা ফখরুল ওই দুটি মামলায় জামিন পান। তার আগে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফখরুল। আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী দুটি মামলায় জামিনের আবেদন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই সময় পল্টন থানারই আরেকটি মামলায় তিনি জামিন পান।
এরপর বিকেল ৩টার দিকে ফখরুলের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া পুনর্বিবেচনা জামিন দেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৪টার দিকে একই আদালত ফখরুলের জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানায় নাশকতার জন্য ওই তিনটি মামলা করা হয়।


