টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে উঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মুম্বাই ওয়ংখেড়ে স্টেডিয়ামে নামবে দল দুটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। আর বি গ্রুপ রানার্স আপ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ভারত। সুপার টেন পর্বে দুটি দলই চারটি ম্যাচের মধ্যে তিনটি করে জয় নিয়ে সেমিফাইনালে উঠে। তবে ওয়েস্ট ইন্ডিজ এ গ্রুপের চ্যাম্পিয়ন হলেও বি গ্রুপের রানার্স আপ হয় ভারত।
ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা জয়ে টিকে থাকতে হলে আজ জিততেই হবে স্বাগতিক ভারতকে। নিজেদের মাঠে শিরোপা জয়ের জন্য ভারত নিজেদের সর্ব শক্তি নিয়ে মাঠে নামবে। জয়ের জন্য মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজও। ফলে ম্যাচটি যে কঠিন হবে দু-দলের জন্য তা বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কোন দলই দ্বিতীয় বারের মতো শিরোপা জয় করতে পারেনি। এর আগে একবার ভারত আর একবার ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করেছে। ফলে দ্বিতীয় বারের মতো শিরোপা জয়ের আশা জাগিয়ে রাখতেই আজ মাঠে নামবে ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে শক্তির পার্থক্য তেমন নাই বললেই চলে। আবার পরিসংখানেও দল দুটি প্রায় কাছাকাছি অবস্থানে। ফলে আজ মাঠেই প্রমান হবে কোন দল দিনটি নিজেদের করে ফাইনালে পৌঁছে যাবে।
লড়াইটা কোহলি-গেইলেরও
দুটি সেমিফাইনালের মধ্যে সবচেয়ে বড় ম্যাচ ধরা হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের আজকের লড়াইকে। লড়াইটা বিরাট কোহলি ও ক্রিস গেইলেরও। তাদের দিকেই চোখ সবার। এদিকে কোহলি-আনুশকার সম্পর্ক ভেঙে যাওয়ায় গাভাস্কার মনে করেন বিরাটের ওপর আর কোনো চাপ নেই। কোহলি অবশ্য বাইরের এসব আলোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার চিন্তায় ৩ এপ্রিল ইডেনের ফাইনাল। ভারত ট্রফি জিতবে, স্বপ্ন দেখছেন তিনি। একদিন আগে র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে ব্যাটিংয়ে ধারাবাহিকতার প্রমাণ মিলেছে কোহলির। টি ২০ র্যাংকিংয়ে শীর্ষে তিনিই। ভারত বিরাটনির্ভর হয়ে পড়েছে। ওপেনার রোহিত শর্মার রান ৫, ১০, ১৮, ১২ এবং শিখর ধাওয়ানের ১, ৬, ২৩, ১৩। যুবরাজ কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়েছেন। সেই যুবরাজও নেই। টপ অর্ডারে ভরসা তাই কোহলিই। তার ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা ভয়ের কারণ হিসেবে দেখছে ভারত। যদি কোহলি আজ ভালো খেলতে না পারেন তাহলে কী হবে? এই ভয় ভারতীয় শিবিরে দানা বেঁধেছে। মুম্বাইয়ে যাওয়ার পর কোহলিকে চাপমুক্ত রাখার জন্য কাউকে তার কাছে ঘেঁষতে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে তার রান ২৩, ৫৫*, ২৪, ৮২*।
এদিকে মুম্বাইয়ে পোঁছার পর গেইল জানিয়ে দিয়েছেন, তিনি দুনিয়ার কোনো বোলারকে পরোয়া করেন না। এমন হুংকারের জবাবে বিরাট কোহলি শুধু বলেছেন, ‘?আমরা সবাই মিলে চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’ মুম্বাইয়ে শুরু হয়ে গেছে ক্রিকেট-জ্বর। ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। সেখানে প্রধান দুই ভাইরাস কোহলি-গেইল।
বিরাটকে নিয়ে বাড়াবাড়ি!
কোহলিকে নিয়ে কি একটু বেশিই বাড়াবাড়ি করছে ভারত? এরই মধ্যে তাকে সর্বকালের সেরাদের কাতারে দাঁড় করিয়েছেন অনেকেই। তুলনা শুরু হয়ে গেছে শচীন টেন্ডুলকারের সঙ্গে। ভারতের পত্রিকাগুলোতে খেলার পাতার দুই তৃতীয়াংশ কোহলিকে নিয়ে। বাড়াবাড়িটা যে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২* রানের ইনিংসের জন্য তা নয়। ধারাবাহিকতার কারণেই ভারত ধরে নিয়েছে শচীনকে ছাড়িয়ে যাবেন কোহলি।
ভারতের কাছে কোহলি এখন সোনার ডিম পাড়া হাঁস। প্রত্যেক ম্যাচে তিনি একটি করে সোনার ডিম দেবেন, সেই অপেক্ষায় ধোনিরা। স্টিভ ওয়াহ বলেছেন, ‘কোহলির আবেগই তাকে অনেক দূর নিয়ে যেতে পারে।’ শচীন টেন্ডুলকারের সঙ্গে খেলার সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করেছেন তিনি। শচীন এখন কোহলির প্রশংসায় পঞ্চমুখ।


