কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি কেন্দ্রে ভোট শুরুর আধাঘণ্টা পার না হতেই আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন।
এদিকে এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে সকাল ৮টায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুষ্টিয়াসহ সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
দৌলতপুর উপজেলায় ১৪ ইউনিয়নে ১৩৫টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোট বুথ রয়েছে ৮০০টি। প্রতি দুই ইউনিয়নে একজন করে মোট সাতজন কর্মকর্তাকে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩২৭১২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৮৫ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১৪০ জন।


