ভোলার সদর উপজেলার রাজাপুর ৪নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে পুলিশের গুলিতে এনটিভি ও দৈনিক মানবকন্ঠের ভোলা প্রতিনিধি আফজাল হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে রাজাপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা জেলা সুপার মনিরুজ্জামান জানান, রাজাপুর ৪নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে তথ্য সংগ্রহ করছিলেন সাংবাদিক আফজাল হোসেন। এসময় পুলিশের এক সদস্যের রাইফেল থেকে অসতর্কতায় গুলি বের হলে তিনি গুলিবিদ্ধ হয়। আফজালকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, রাজাপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মিজান খান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের গোলাগুলিতে ২০জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


