বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

Madaripur-Murderপুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন।

মাদারীপুর সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশ গুলি করে বলে পুলিশের দাবি।

নিহত সুজন মৃধা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সদর উপজেলার বুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, ‘ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিরাঙ্গল মাদ্রাসা কেন্দ্রে ভোট শেষে পুলিশ যখন ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় একটি বস্তা নিয়ে দৌড় দেয় সুজন। তখন পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। তারপরও সে না থামলে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তবে সুজনের চাচা ফারুক মৃধা বলেন, ‘ভোট গণনার সময় দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ গুলি ছুঁড়লে সুজন নিহত হয়।’

সুজনের বাবা বাচ্চু মৃধা বাচ্চু মৃধা বলেন, আমার ছেলেকে এএসআই এনামুল গুলি করে হত্যা করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধুরাইলের ৪নং ওয়ার্ডের দক্ষিণ বিরঙ্গল ভোটকেন্দ্রে ভোট গগণা শেষে ব্যালট বাক্স নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহেন্দ্র গাড়িযোগে সদর উপজেলায় আসছিলেন। এ সময় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পুলিশ বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড গুলি ছুঁড়লে সুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দক্ষিণ বিরঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমানের কর্মী সুজন মৃধা একটি ব্যালট বাক্স নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমানের কর্মী-সমর্থকদের সঙ্গে মাহবুবুর রহমানের কর্মী-সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। এ সময় সুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয়দের দাবি, সংঘর্ষকালে পুলিশের গুলিতে সুজন নিহত হন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই এনামুল হক মণ্ডল জানান, ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যাবার সময় পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার জানান, গুলিবিদ্ধ সুজন মৃধাকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা যায়। তার গলার নিচের অংশে গুলির চিহ্ন রয়েছে।

আরও পড়ুন