কুমিল্লার কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের দাবিতে খুলনায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন দিন ধর্ষণ-হত্যার মতো ঘটনাগুলো বেড়েই চলেছে। এছাড়া সেনানিবাসের মতো একটি নিরাপত্তা বেষ্টিত স্থানে এরূপ ধর্ষণ এবং হত্যার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক। তনু হত্যার প্রকৃত রহস্য উম্মোচন ও খুনি-ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভাষাসৈনিক বেগম মাজেদা আলী, নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সাংস্কৃতিক কর্মী, উন্নয়নকর্মী, নারী নেত্রী, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


