সব সময় পুলিশ বন্ধু হতে পারে না। যারা আইন মানে তাদের বন্ধু, কিন্তু অপরাধীদের ক্ষেত্রে জম। রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
হোটেল আমারিতে শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আয়োজনে এই মতবিনিময় সভায় ইকবাল সোহবান আরও বলেন, পুলিশ ও গণমাধ্যমের সম্পর্কটা সম্পূরক। অন্য মানুষের মত বিপদে পড়লে আমরাও পুলিশের সাহায্য চাই। একে-অপরকে সাহায্য করলে জননিরাপত্তা বিধান করা সম্ভব।
সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুলের পরিচালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, অধ্যাপক সলিমুল্লাহ খান, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, নির্বাচন পর্যবেক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, ফকির আলমগীর, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।


