বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ব্যারিস্টার শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

shakila-jugantor_8792জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেডের’ বিরুদ্ধে বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে চট্টগ্রামে জেলা আদালতের জিআরও শাখায় এ চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৭ এর এএসপি রুহুল আমীন। এতে সাক্ষী করা হয়েছে ৮৩ জনকে।

র‌্যাব-৭ এর সিইও লেফটেনেন্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সন্ত্রাস দমন আইনে করা মামলার অভিযোগপত্রে ব্যারিস্টার শাকিলা ফারজানা, দুই আইনজীবীসহ শহীদ হামজা ব্রিগেডের ৩৩ জনের নামে উল্লেখ করা হয়েছে। এতে আরো অজ্ঞাত ৫৩ জনকে আসামি করা হয়েছে বলে জানান কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড় থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়।

অভিযোগপত্রে ব্যারিস্টার শাকিলা ফারজানা ছাড়াও তার জুনিয়র দুই আইনজীবী- মো. হাসানুজ্জামান লিটন, ঢাকা জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপন এবং গার্মেন্ট ব্যবসায়ী এনামুল হকসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে হালিশহর থানায় শহীদ হামজা ব্রিগেডের বিরুদ্ধে দায়ের করা অপর একটি মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়। শহীদ হামজা ব্রিগেডের বিরুদ্ধে মোট ৪টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে হালিশহর থানায় একটি, হাটহাজারিতে একটি এবং বাঁশখালী থানায় দুটি। হালিশহর ও বাঁশখালী থানার একটি করে মামলার তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেছে তদন্তকারী সংস্থা র‌্যাব।

গেল বছর ১৮ আগস্ট ঢাকার ধানমণ্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করা হয়।

পরে ৫ সেপ্টেম্বর জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর টঙ্গীর তুরাগ এলাকা থেকে গোল্ডেন টাচ অ্যাপারেলসের পরিচালক এনামুল হককে গ্রেফতার করে র‌্যাব।

চার্জশিটে ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে হামজা ব্রিগেডের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছে- মনিরুজ্জামান ডন, আজিজুল হক, শামসুদ্দিন, রাকিব হাসান খালেদ প্রমুখ।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র দেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন হয়। মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর অভিযোগপত্রটি রোববার আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন