বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মিথ্যা তথ্য দিয়ে তনুর ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা

tonu---কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেওয়া হয়েছে চট্টগ্রামে সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে। ভিসেরা রিপোর্টের বিভ্রান্তিকর তথ্য দিতেই ফোন নম্বর ক্লোন করে কথা বলা হয়েছে গণমাধ্যমের সঙ্গে। সিম নম্বর ক্লোন করা

ব্যক্তি তনু হত্যাকাণ্ডের ভিসেরা রিপোর্টে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান। এ বিষয়ে দ্রুত অনলাইনে রিপোর্ট করে দিতেও প্রতিবেদককে অনুরোধ করেন তিনি। সিআইডি চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসাইনের সরকারি মোবাইল নম্বরে গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফোন করা হলে অন্য প্রান্ত থেকে এমন তথ্য জানানো হয় সমকালকে। একই সময় অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করা হলেও প্রায় অভিন্ন তথ্য দেওয়া হয় চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম কেন্দ্রকে। কিছুক্ষণ পর কুতুব উদ্দিনের সঙ্গে ফের কথা বলে ক্লোন হওয়ার বিষয়টি নিশ্চিত হয় সমকাল।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মোশাররফ হোসাইনের মোবাইল ফোনে তনু হত্যাকাণ্ডের ভিসেরা রিপোর্ট প্রসঙ্গে জানতে চায় সমকাল। এ সময় অন্য প্রান্ত থেকে বলা হয়, তনুর ব্যবহৃত চশমায় থাকা ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। শিগগির তাকে গ্রেফতার করা হবে। ভিসেরা রিপোর্ট এরই মধ্যে জমা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন ক্লোন করা ব্যক্তি। দ্রুত এ ব্যাপারে অনলাইনে রিপোর্ট করে দিতে অনুরোধ জানান তিনি। ৩ মিনিট ৯ সেকেন্ড স্থায়ী এ কথোপকথনে ভিসেরা রিপোর্ট নিয়ে আরও নানা কথা বলেন ওই ব্যক্তি। তিনি নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন বলে পরিচয় দেন।

তার কথা সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট রিপোর্টারকে তাৎক্ষণিক পাঠানো হয় সিআইডি কার্যালয়ে। সেখানে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন পরিচয়ে ফোনে কথা বলা ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কুতুব উদ্দিন নামে অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রামে কর্মরত আছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসাইন ছুটিতে আছেন বলেও জানা যায়। বিশেষ পুলিশ সুপারের মোবাইল ফোন তাহলে কীভাবে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গেল- এ প্রশ্নের উত্তর খুঁজতে ৭টা ২৭ মিনিটে আবার ফোন করা হয় ব্যারিস্টার মোশাররফ হোসাইনের সেই নম্বরে। এবার এক মিনিট ২৭ সেকেন্ড কথা বলেন তিনি। জরুরি কাজে অফিসের বাইরে আছেন জানিয়ে আগামীকাল ভিসেরা রিপোর্ট নিয়ে যেতে বলেন প্রতিবেদককে। দ্রুত রিপোর্ট করতে আবারও তাগাদা দেন বিশেষ পুলিশ সুপারের ফোন নম্বর ব্যবহার করা সেই কুতুব উদ্দিন।

বিশেষ পুলিশ সুপারের এ নম্বর থেকে কথা বলার কিছুক্ষণ পর ফোনটি বন্ধ করে দেওয়া হয়। পুরো বিষয়টি ঘিরে সন্দেহ বাড়তে থাকায় অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে রাত ৮টা ৩১ মিনিটে ফের ভিসেরা রিপোর্ট নিয়ে কথা বলতে চায় সমকাল। এ সময় মো. কুতুব উদ্দিন আগে এ ব্যাপারে সমকালের কারও সঙ্গে কথা হওয়ার বিষয়টি শুনে বিস্মিত হন। তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘সম্ভবত আমাদের নম্বর ক্লোন করে কোনো একজন আপনাদের সঙ্গে কথা বলেছে। ভিসেরা রিপোর্ট নিয়ে আমি কারও সঙ্গে কোনো কথা বলিনি।’ এ সময় সিআইডির অফিসিয়াল নম্বরে কথা বলার বিষয়টি সমকালের কাছে রেকর্ড আছে জানানো হলে তিনি বলেন, ‘আরও দু-এক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পেয়েছি। আমাদের ব্যবহৃত নম্বর ক্লোন করে অন্য কেউ আমাদের পরিচয় দিয়ে কথা বলেছেন। এ ব্যাপারে শিগগির আইনগত পদক্ষেপ নেব। স্পর্শকাতর এ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমনটি করা হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, একই সময় ক্লোন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিনের নম্বরও। ভিসেরা রিপোর্ট নিয়ে চ্যানেল টোয়েন্টিফোর চট্টগ্রাম কেন্দ্র থেকে কুতুব উদ্দিনের ব্যক্তিগত মোবাইল ফোনে কথা বলতে চাইলে এক ব্যক্তি কুতুব উদ্দিন পরিচয় দিয়ে ভিসেরা রিপোর্টে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার সম্পৃক্ততা পাওয়ার কথা বলেন। এর কিছুক্ষণ পর একই নম্বরে আবার ফোন করা হলে প্রকৃত কুতুব উদ্দিন ফোন ধরে বিস্ময় প্রকাশ করেন বলে জানান চ্যানেল টোয়েন্টিফোরের সংশ্লিষ্ট রিপোর্টার। সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করছেন, দু’জনের ফোন নম্বর ক্লোন করে একই ব্যক্তি মিথ্যা তথ্য দিয়েছে।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর লাশ পাওয়া যায়। তাকে হত্যার করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্তে র‌্যাব, পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নামে।

গত ৩১ মার্চ সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তারাই তদন্ত করছে।

আরও পড়ুন