ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানী ঢাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ও নগদ ১৬ লাখ টাকাও জব্দ করা হয়েছে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা পাচারের সময় হাতেনাতে ধরা পড়েন তারা।
রোববার রাতে আটকের পর সোমবার আদালতের মাধ্যমে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের।
আটক পুলিশ সদস্যরা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বরকত উল্লাহ ও তার দুই সহযোগী সেতারা বেগম ও আজিজুর রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগের নিজ বাসা থেকে এসআই বরকত উল্লাহকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কক্সবাজার থেকে বিপুল সংখ্যক ইয়াবার চালান ঢাকা আসছে খবর পেয়ে হাজারীবাগে অভিযান চালানো হয়।
তিনি জানান, এসআই বরকত উল্লাহ’র বাসায় ইয়াবা হাতবদলের সময় হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালত সোমবার তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি জানান, আটক ডিবির ওই এসআই সম্প্রতি ডিবি পুলিশ থেকে কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে বদলি হয়ে এসেছিলেন।


