বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মগবাজারে বাসার ছাদে চুয়েট ছাত্রের লাশ

Dead1451869576রাজধানীর রমনা থানা এলাকার মগবাজারে একটি বাসার ছাদ থেকে তানভীর হাসান সুশান (২৪) নামে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ছয়তলা ওই বাড়ির ছাদে পিলারের রডে ঝুলন্ত অবস্থায় পেয়ে সুশানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। তানভীরের বাড়ি জামালপুর সদরে। চুয়েটের যন্ত্র কৌশলের তৃতীয় বর্ষের এই ছাত্র বড় মগবাজারে বন্ধুদের বাসায় ছিলেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “গলায় গামছা পেঁচানো অবস্থায় সুশান ঝুলছিল বলে বন্ধুরা জানিয়েছে। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সুশানের বাবা মজিবুর রহমান ময়মনসিংহে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন। তার দুই সন্তানের মধ্যে ছোট মেয়েটি ঢাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়েন।

ছেলের মৃত্যুর খবর শুনে ঢাকায় এসেছেন মজিবুর। তিনি জানান, তাবলিগ জামায়াতের চিল্লায় কুড়িগ্রাম গিয়েছিলেন সুশান। সেখান থেকে ফিরে মগবাজারের বন্ধুদের বাসায় উঠেছিলেন তিনি।

সোমবারও ছেলের সঙ্গে কথা হয়েছে মজিবুরের। সুশান তাকে বলেছিলেন, মঙ্গলবার ময়মনসিংহে ফিরবেন তিনি।

সুশান আত্মহত্যা করেছেন বলে ধারণা তার বাবার। পরীক্ষায় খারাপ ফল করার কারণে ছেলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান মজিবুর। বলেন, তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় পাঁচ বিষয়ে ফেল করার পর সুশান কিছুদিন আগে ময়মনসিংহের বাসায় এলে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

“আমি  বলেছিলাম, তোর ছোট বোন ডাক্তারি পড়ে। তুই যদি ইঞ্জিনিয়ার হতে না পারিস, তাহলে ভবিষ্যতে কী করবি? আমার তো টাকাও নাই যে তোকে কোনো ব্যবসা বা চাকরি করার ব্যবস্থা করতে পারব।”

“এই কথা শুনে সে মাথা নিচু করে বলেছিল, ‘যদি ইঞ্জিনিয়ার না হতে পারি আমি আমার মুখ কাউকে দেখাব না’।”

ছেলের মৃত্যুর জন্য আত্মপীড়নে ভোগা এই সরকারি কর্মকর্তা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ও আমার উপর রাগ করে, অভিমান করে আত্মহত্যা করেছে। আপনারা (সাংবাদিক) লিখে দেন, আমার প্ররোচনায় আমার সন্তান আত্মহত্যা করেছে।”

রমনা থানার এসআই  মোশারফ হোসেন বলেন, বন্ধুদের কাছে খবর পেয়ে লাশ উদ্ধারে পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুশানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তার খালাত খাই শাহনুর কবির সোহান।

তিনি বলেন, জামালপুরে পারিবারিক কবরস্থানে সুশানকে দাফন করা হবে।

আরও পড়ুন