জাল কাগজপত্রের মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর সম্পত্তি দখল করে নেওয়ায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অনুসন্ধানী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলী বুধবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল।
দুদক সচিব জানান, ধানমণ্ডির আবাসিক এলাকায় ৯/এ সড়কের ৬৫ নম্বর বাড়িটি ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর। এক বিঘা পরিমানের এ বাড়িটি পরবর্তীতে তিনি দ্বিতীয় স্ত্রী বেগম আলীয়া এবং ছেলে-কন্যাদের নামে লিখে দেন।
আর সেই জমিই জাল স্বাক্ষর ও ভুয়া দলিলের মাধ্যমে হাতিয়ে নেন সাবেক মন্ত্রী বর্তমানে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রভাবশালী নেতা কাজী ফিরোজ রশীদ। প্রাথমিকভাবে এর সত্যতা পেয়েছে দুদক।


