পদত্যাগ করেননি আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। বুধবার প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, আমি পদত্যাগ করিনি, নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছিল, পানামা পেপার্স কেলেঙ্কারির ঘটনায় সিগমুন্ড গুনলাগসন পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় থাকা কোম্পানি উইনট্রাসের বিস্তারিত তথ্য পানামা পেপার্সে প্রকাশিত হয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে তার সরে যাওয়ার বিষয়টি সামনে চলে আসে। তবে প্রধানমন্ত্রী গুনলাগসনের দাবি, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার স্ত্রী আর্থিকভাবে লাভবানও হননি।
ফাঁস হওয়া নথিতে দেখা যায়, অ্যাইসল্যান্ডের প্রধানমন্ত্রী একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের ব্যাংকগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। এরপরই প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্টের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
সিগমুন্ড গুনলাগসনের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিনি তার দল প্রোগ্রেসিভ পার্টির ভাইস-চেয়ারম্যানকে অনির্দিষ্ট সময়ের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এতে আরো বলা হয়, ‘প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। প্রোগ্রেসিভ পার্টির প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাবেন।’
তাছাড়া আইসল্যান্ডের প্রেসিডেন্ট ওলাফুর রাগনার গ্রিমসন দেশটির নেতৃত্বে এখনো কোনো পরিবর্তনের তথ্য নিশ্চিত করেননি। সংসদ ভেঙে দিয়ে একটি আগাম নির্বাচন দেয়ার জন্য এর আগে মঙ্গলবার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান গুনলাগসন। তবে তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট। জানান, আগে ক্ষমতাসীন জোটের সদস্য দল ইন্ডিপেনডেন্ট পার্টির নেতাদের পরামর্শ নিতে চান তিনি।


