বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জিয়ার মাজার সরালে পরিণতি ভালো হবে না: বিএনপি

sah-moajjem-6দলের প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরানো হলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে এক সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানকে সহ্য করতে পারেন না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা এনেছেন। তিনি স্বাধীনতা না আনলে আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আপনি জিয়ার মাজার সরিয়ে ফেলবেন, তখন বাংলার মানুষ বসে থাকবে না।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘শহীদ জিয়ার মাজার স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে’ নাগরিক সমাবেশের আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, সরকার বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতিবিজড়িত বাসা থেকে বের করেছে। এর বিরুদ্ধে আন্দোলন করতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি। এবার বসে থাকলে হবে না।

বিএনপির এই নেতা বলেন, আন্দোলন ছাড়া এদেশে কিছু হয়নি। ভাষা আন্দোলনে অনেক রক্ত ঝরেছিল। রক্তের বিনিময়ে বাংলা ভাষা হয়েছে। মুক্তিযুদ্ধেও অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আন্দোলনের বিকল্প নেই।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অল কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন