টাঙ্গাইলে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের গালা ইউনিয়নের রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শহর আলী (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে লালমনিরহাট জেলার নিকশেখসিন্ধু গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসাপাতলের মর্গে রাখা রয়েছে। আহত অপর তিনজনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সকালে ঢাকা থেকে বগুড়াগামী একটি ট্রাক রসুলপুর এলাকার উৎসব ফিলিং স্টেশনের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজন মারা যায়।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জাহাঙ্গীর আলম নিহতের খবর নিশ্চিত করেছেন।


