ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী পদ নিয়ে ঝিনাইদহ সদরের পদ্মাকর আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আকা মীর (৫০) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন।
শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ছয়াইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলা সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে সকাল ৮টার দিকে চেয়ারম্যান প্রার্থীর পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিকাশ চন্দ্র বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা নিজামুল গনি লিটুর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
উভয় গ্রুপ দেশীয় অস্ত্র শস্ত্র ঢাল-ফালা-বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ছয়াইল গ্রামের আকা মীরসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ছয়াইল গ্রামের বেলায়েত আলী মীরের ছেলে আকা মীরকে কর্তব্যরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
অন্যান্য আহতদের ঝিনাইদহ ও মাগুরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


