জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন সামাদের খুনিরা গ্রেফতার না হওয়ার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রধর্মঘট চলছে।
রোববার জবি ক্যাম্পাসে জবির বিভিন্ন বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে খণ্ড খণ্ড মিছিল বের করে নাজিম হত্যার বিচারের দাবি জানান।
পরে সব মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে টানা চার ঘণ্টা পুরান ঢাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন সামাদ হত্যার ঘটনায় পুরান ঢাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজধানীর প্রধান নৌবন্দর সদরঘাট ও কাঁচা বাজারের আড়ৎ শ্যামবাজার ও কোর্টকাচারিসহ আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত বুধবার রাতে লক্ষ্মীবাজারের ঋষিকেশ দাস লেনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জবির এলএলএম (আইন) বি- সেকশন প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
নিহত নাজিমের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার টোকাবরাউট গ্রামে।তিনি গণজাগরণ মঞ্চের সিলেট বিভাগের সংগঠক ও সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি ফেসবুক ও ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ধর্মান্ধতার বিরুদ্ধে লেখালেখি করতেন।


