বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ইউপি নির্বাচন: সমালোচনা ঢাকার সব চেষ্টাই ব্যর্থ ইসির

Untitled-13-2চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংঘর্ষ, সহিংসতা ও অনিয়ম কারণে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ সমালোচনা থেকে উত্তরণের জন্য কমিশন বৈঠকে আলোচনা করে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে ইসি। কিন্তু কোন উদ্যোগই কাজে লাগছে না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

এবিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, চলমান ইউপি নির্বাচনে সংঘর্ষ-সহিংসতা বন্ধের জন্য কঠোর নির্দেশনা দেয়ার পরেও পুরোপুরো কাজ হচ্ছে না। এজন্য কমিশন আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আবার ১৩ এপ্রিলে বসবে। দুই ধাপের ভোট শেষ হয়েছে, আরও চার ধাপের ভোট রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি নির্দশনামূলক বৈঠক হবে এটি।

দ্বিতীয় ধাপের ভোটের পর অসন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, কয়েকটি ঘটনা সামগ্রিক অর্জনকে ম্লান করেছে। দুষ্কৃতকারীরা কৌশল পাল্টেছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. সামসুল আলম বলেন, সমালোচনা এড়াতে ইসি দুই ধাপের ভোটে দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্র রক্ষার দায়িত্বপ্রাপ্ত ১১ জন এএসআইকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে। ভোট কারচুপির অভিযোগে ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে। অনিয়মকারী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ছয়জন ওসি ও একজন এসপিকে কমিশনে তলব করে সতর্ক করা হয়েছে। তিনজন উপজেলা নির্বাহী অফিসার ও চারজন ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বদলি করা হয়েছে।

সামসুল আলম বলেন, ইসি সচিবালয়ের একজন জেলা নির্বাচন অফিসার ও একজন উপজেলা নির্বাচন অফিসারকে বদলি করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১৩০ জনকে মোট ৪১৭,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এতো কিছুর পরেও সহিংসতা বন্ধ হচ্ছে না।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর বাংলাদেশের ৪ হাজার ২৭৫টি ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। গত ১১ ফেব্র“য়ারি তফসিল ঘোষণার পর গোলযোগ-সহিংসতায় প্রায় ৩৭ জনের প্রাণহানি হয়েছে। তবে বিএনপি বলছে ৪৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দল, প্রার্থীসহ নানা মহলের সমালোচনার মুখে পড়েছে ইসি।

গত ২২ মার্চ ও ৩১ মার্চ প্রথম দুই ধাপের ইউপি ভোট হয়। আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের পর ৪ জুনের মধ্যে আরও তিন ধাপের ভোট রয়েছে। ইউপি ভোট সামনে রেখে গত ৩ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে প্রথম দফা বৈঠক করে ইসি। বৈঠকে অনিয়ম প্রতিরোধে শেষ বুলেট পর্যন্ত লড়ার নির্দেশও দেন সিইসি। নির্বাচনে প্রায় ২১টি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে।

আরও পড়ুন