গত ৪৮ ঘণ্টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধাসহ মারা গেছেন ২ জন। এই জেলায় প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ৫ দিন ধরে এ জেলাসহ বৃহত্তর কুষ্টিয়া এলাকার তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। ফলে মানুষের দৈনন্দিন কাজকর্মে নেমে এসেছে স্থবিরতা। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। পাশাপাশি ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর সাথে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে অস্বাভাবিক লোডশেডিং।
আবহাওয়া অধিদফতর চুয়াডাঙ্গা পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, আরো দুইদিন তাপদাহ অব্যাহত থাকবে।


