দিনাজপুরের হিলি স্থলবন্দরে কলেজ শিক্ষকের অপহৃত শিশু সন্তান আবতাহীর (৪) লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। শিশুটিকে অপহরণের পর ঘাতকরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মুহাড়াপাড়া এলাকায় প্রতিবেশি আমজাদের বাড়ির ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এসময় অপহরণ ও ঘাতক চক্রের ২ সদস্য আমজাদ হোসেন এবং তার পুত্র কলেজ ছাত্র সামিউলকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার নিজ বাসার সামনে থেকে অপহৃত হয় হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মামুনুর রশিদ আজাদের শিশু পুত্র আবতাহী (৪)। এরপর অপহরণকারীচক্র মোবাইল ফোনে ওই শিক্ষকের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণকারীদের দাবির প্রেক্ষিতে তাদের মুক্তিপণ বাবদ ৩০ লাখ টাকা দিতে রাজি হয় শিশুটির পিতা। একই সঙ্গে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তিনি।
হাকিমপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবির জানায়, এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রকে ধরতে মোবাইল ফোনের সূত্র ধরে অগ্রসর হয়। টাকা হস্তান্তরের সময় আমজাদের পুত্র সামিউলকে হাতেনাতে আটক করে পুলিশ।
তার স্বীকারোক্তি মোতাবেক তার পিতা আমজাদ হোসেনকেও আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাড়ির টিনসেড ঘরের তালা বন্ধ ঘরের মেঝ থেকে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় ।
এদিকে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী আমজাদের ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাকিমপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. হাসান জানান, শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর মা লাকী আক্তার জানান, সোমবার খাবার শেষে বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে বাসার সামনের খোলা জায়গায় বেরিয়ে খেলছিল তার বুকের ধন। কিছু সময় পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না।
তিনি বলেন, ঘাতকরা আমার সন্তানকে ফিরিয়ে দিতে ৫০ লাখ টাকা দাবি করেছিল। ৩০ লাখ টাকা দিতেও রাজি হয়েছিলাম। তারপরও তারা আমার মানিককে মেরে ফেলল।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুর রহমান জানান, সংবাদ পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও পুত্রকে আটক করা হয়েছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হাকিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
প্রসঙ্গত, গত দুই সপ্তাহ আগে একই স্থান থেকে অপহরণের সময় এলাকাবাসী ৩ শিশুকে উদ্ধার করে ও ২ অপহরণকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছিল।


