বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

টুকুর খালাসের রায় বাতিল, পুনঃশুনানির আদেশ বহাল

124632High-Cortঅবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর খালাসের রায় বাতিল ও পুনঃশুনানির আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে টুকুর করা রিভিউ আবেদনের শুনানি শেষে আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ পর্যবেক্ষণসহ রিভিউ আবেদন খারিজ করে দেন।

এই রায়ের ফলে হাইকোর্টে পুনরায় এই মামলার আপিল শুনানি হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা টুকুর পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

এর আগে ২০১৪ সালের ২৭ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে মামলা পুনঃশুনানির নির্দেশ দিয়েছিলেন।

আদেশের পর খুরশীদ আলম খান বলেন, ‘হাইকোর্ট ইকবাল হাসান টুকুকে খালাস দেওয়ার পর আমরা লিভ টু আপিল (আপিলের আবেদন) করি। এ আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় এ মামলার শুনানির জন্য আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এরপর আপিল বিভাগে রিভিউ করেন টুকু। আজ শুনানি শেষে আপিল বিভাগ রিভিউ খারিজ করে খালাস বাতিল করে পুনঃশুনানির আদেশ বহাল রাখেন।’

মামলার বিবরণ থেকে জানা গেছে, চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের মার্চে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন। কমিশনের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। ২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলার রায়ে এই বিএনপি নেতাকে নয় বছরের কারাদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাঁকে বেকসুর খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। ওই আবেদনের নিষ্পত্তি করেই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে আবারও শুনানি করার আদেশ দেন।

আরও পড়ুন