বুধবার ৪ নভেম্বর ২০২৬

সেনা সদস্যের হাতে ছাত্রীর সম্ভ্রমহানি: মিছিলে গুলি, ক্রিকেটারসহ নিহত ৩

handwara-protests-army_9জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের হাতে এক ছাত্রীর সম্ভ্রমহানির ঘটনার প্রতিবাদে বের করা মিছিলে গুলি চালানো হয়েছে।

সেনাবাহিনীর গুলিতে একজন ক্রিকেটার ও নারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার কাশ্মীরের উত্তরে হান্দওয়ারা শহরে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,অনুর্ধ্ব-১৯ ক্রিকেট শিবিরে অংশগ্রহণকারী নাঈম ভাট (২১), আরেক তরুণ মোহাম্মদ ইকবাল (২২) ও সত্তর বছর বয়সী নারী রাজা বেগম।

এ ঘটনার পরপরই আক্রান্ত বাঙ্কারটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হান্দওয়ারাতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।  অন্যদিকে বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীর উপত্যকা জুড়ে হরতাল ডেকেছে।

কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, হান্দওয়ারা শহরে কর্তব্যরত এক সেনা সদস্য এক কলেজ ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছে বলে অভিযোগ ওঠে।

এরপরেই লোকজন শহরের প্রধান এলাকায় সেনাবাহিনীর বাঙ্কারের কাছে জড়ো হতে শুরু করে।

তারা বাঙ্কারে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। জবাবে সেনা সদস্যরা গুলি ছুঁড়লে দুজন আহত হয়। পরে তারা মারা যায় বলে দাবি করেন গিলানি।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর অভিযোগ,এই মর্মান্তিক ঘটনায় কাশ্মীরের শান্তির ফিরিয়ে আনতে সরকার ও রাজনীতিকরা যে প্রচেষ্টা চালাচ্ছেন তার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে এবং কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী তার বিচার হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন