চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণাসহ সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে বিভাগভিত্তিক ৯টি মনিটরিং সেল গঠন করেছে বিএনপি। কেন্দ্রীয় নেতাদের প্রধান করে গঠিত এসব সেলের সদস্যরা হলেন- সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র নেতা, সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির দুই শীর্ষ নেতা। মঙ্গলবার এ বিষয়টি চিঠি দিয়ে সেল প্রধানদের জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে আরও জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগকে ক ও খ নামে দুই ভাগে ভাগ করা হয়েছে। চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ঢাকা-ক, ড. ওসমান ফারুককে ঢাকা-খ, মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে চট্টগ্রাম-ক এবং অ্যাডভোকেট হারুন আল রশীদকে চট্টগ্রাম-খ-এর সেল প্রধান করা হয়েছে। এছাড়া সেল প্রধান করা হয়েছে বরিশাল বিভাগে আবদুল্লাহ আল নোমান, খুলনায় শামসুজ্জামান দুদু, রংপুরে ডা. এজেডএম জাহিদ হোসেন, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিলেটে এনাম আহমেদ চৌধুরীকে।
সেল প্রধানদের উদ্দেশে লেখা মহাসচিবের চিঠিতে বলা হয়েছে, ‘আশা করি অবিলম্বে এলাকার সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সার্বিক কার্যক্রম মনিটর, ক্ষমতাসীন দলের অন্যায়-অত্যাচার, ভোট জালিয়াতি-ডাকাতি ও প্রভাব বিস্তারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের সাহস দিতে হবে। পাশাপাশি এসব কার্যক্রম সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরবেন। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘প্রতিটি জেলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সমন্বয়ে সহায়তা সেল গঠন করতে হবে। এর মাধ্যমে প্রার্থীদের আইনি পরামর্শ ও প্রতিপক্ষ প্রার্থী ও তার দল বা তার সমর্থকদের দ্বারা নির্বাচনী বিধি লংঘনের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে।’ এর আগে ৮ এপ্রিল দলের সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে একটি চিঠি দেন ইউপি নির্বাচনসংক্রান্ত দলের প্রধান সমন্বয়ক মো. শাহজাহান। ওই চিঠিতে বিএনপির প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়।


