বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কথা ও সুরে রমনায় ছায়ানটের বর্ষবরণ

14-04-16-Chayanat_Ramna Batomulদখিনা বাতাসে বৈশাখের আগমনী ধ্বনি। ভোরের সূর্য উত্তাপ ছড়ায়নি তখনো। নতুন বছরের অভ্যর্থনায় শুরু হলো ভোরের রাগ। এভাবেই রমনা বটমূলে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বাংলা বছর ১৪২৩ বঙ্গাব্দকে স্বাগত জানাল ছায়ানট। প্রত্যাশা, নতুন বছর বাঙালির জীবনে ছড়িয়ে দেবে নতুন সুর।

বাঙালি সংস্কৃতির ওপর আগ্রাসন এসেছে বারবার। তবু থেমে থাকেনি সাংস্কৃতিক প্রতিবাদ। তেমনি প্রতিবাদী এক ইতিহাসের অংশীদার হয়ে ১৯৬৭ সালে, অর্থাৎ ১৩৭৪ বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে রমনার বটমূলে বর্ষবরণের এ আয়োজন শুরু করে ছায়ানট।

শুভচেতনা আর মানবিকতা জাগানোর আহ্বান নিয়ে বাঙালির নতুন করে জেগে ওঠার তাগিদে আজ বৃহস্পতিবার সকালের এই আয়োজনে ছিল দেশাত্মবোধক সম্মেলক ও একক গান, আবৃত্তি ও পাঠ। ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী বলেন, ‘আমরা চাই মানবতার জয় হোক।’

ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বলেন, ‘আমরা স্বাধীনভাবে চলব। আমরা এই নববর্ষকে আমাদের পরিচয় হিসেবে জেনে নেব।’

আয়োজকদের অভিমত, শুধু মন ভরিয়ে দিতে নয়, এই আয়োজনে বাজছে সবার প্রত্যাশার সুর।

অন্তরে মানবিকতা জাগানোর আহ্বান নিয়ে কথা আর সুরে, অমঙ্গলকে পরাজিত করার অনিবার্য ভাবনায় আজ ছায়ানটের এই অনুষ্ঠান পরিণত হয়েছে এক জাতীয় উৎসবে।

আরও পড়ুন