সূর্যবরণের মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সূর্যকে বরণ করে নেয় রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
বাংলা নববর্ষ-১৪২৩ বরণ করতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢোল ও বাঁশি বাজায় সাংস্কৃতিক জোটের কর্মীরা। চলে আড়াই থেকে তিন মিনিট। ঢোল-বাঁশি বাজানো শেষে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’ গান দিয়ে শেষ হয় সূর্যবরণ।
এদিকে আজ সকাল সাড়ে ৮টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বর থেকে রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিনের নেতৃত্বে শুভ নববর্ষ ১৪২৩ মঙ্গল শোভাযাত্রা বের হবে।
এ ছাড়া চারুকলাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে।


