জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশুতে বৃহস্পতিবার রাতে দফায় দফায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন।
জাপানের স্থানীয় সময় রাত ৯টা ২৬ মিনিটে প্রথম দফায় কুমামতো প্রদেশের মাশিকিতে ৭ মাত্রার এবং পরে তামানা, নিশিকারা ও ওকি প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর ইউমিউরি সিম্বুনের।
জাপানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার অভ্যন্তরে।
প্রদেশগুলোর সরকারী কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা ৯ ও আহত হয়েছেন ৮৬৪জন। ভুমিকম্পে বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত ও রাস্তায় ফাটল ধরেছে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা বিধ্বস্ত ভবনের নিচে কেউ কেউ আটকা পড়ে থাকতে পারেন।
তবে ভূমিকম্পের পর সুনামির শতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া কিয়ুশুতে অবস্থিত পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটিরও কোন ক্ষতি হয়নি। ২০১১ সালের সুনামির পর জাপানে এটি বড় ধরনের ভূমিকম্প।


