বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের কথিত প্রধানের সাক্ষাৎকারকে দেশি-বিদেশী ‘ষড়যন্ত্র’ আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, তেমন কোনো সংগঠন বাংলাদেশে নেই। বাংলাদেশে ঘাঁটি বানিয়ে প্রতিবেশী কোনো দেশে আক্রমণের সুযোগও কাউকে দেওয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “পূর্বের ন্যায় এখনও স্পষ্ট করে বলতে চাই, আইএসের কোনো ঘাঁটি বাংলাদেশে নাই। কোনো সংগঠন বাংলাদেশে নাই।”
আইএসের সাময়িকী ‘দাবিক’-এ এই জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের ওই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে, ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকেই ঘাঁটি বানানোর জন্য তাদের পছন্দ; ওই ঘাঁটি থেকেই তারা ভারতে হামলা চালাতে চায়।
যুদ্ধাপরাধের বিচার ও শীর্ষনেতাদের ফাঁসিতে চাপের মুখে থাকা জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের কর্মীরা এখন আইএসে যোগ দিচ্ছেন বলেও শেখ আবু ইব্রাহিম আল-হানিফের দাবি।
ওই সাক্ষাৎকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একটি ষড়যন্ত্র, দেশী এবং আন্তর্জাতিক সেই ষড়যন্ত্রের একটি বহিঃপ্রকাশ।”
তিনি বলেন, “বিদেশি শক্তির কিংবা কোনো বিদেশি মতাদর্শী লোকদের এখানে ঘাঁটি গেড়ে প্রতিবেশী দেশে আক্রমণ করতে দেওয়া হবে না।”
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে এক প্রশ্নের জবাবে কামাল দাবি করেন, বাংলাদেশ কোনো ধরনের ‘ক্রসফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ’ নেই।


