রাজধানীর পল্লবীতে গ্যাস সিলিন্ডারে রান্না করতে গিয়ে বিস্ফোরণে আগুনে শিশুকন্যাসহ দম্পতি দগ্ধ হয়েছেন। এরা হলেন- মা শাহানা আক্তার (২৯), স্বামী রনি (৩৫) এবং দেড় বছরের মেয়ে রুজি।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। তথ্যটি নিশ্চিত করেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল।
তিনি জানান, শাহানা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে, রনির হয়েছে ৭ ভাগ। আর তাদের মেয়ে রুজির দুই হাত পুড়ে গেছে।
রনির সাথে কথা বলে জানা যায়, তারা পল্লবীর ১২ নম্বর সেকশনের ২৯ নম্বর রোডের ব্লক ডি তে একটি ৬ তলা বাসায় (নতুন ওঠায় বাসা নম্বর জানাতে পারেননি) ভাড়া থাকেন। দুপুরে শাহান রান্না ঘরে চুলা জালাতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে মেয়েসহ তিনি নিজেও দগ্ধ হন।দগ্ধ হয়েছেন এক দম্পতি।
হাসপাতাল সূত্র জানায়, এ দম্পতি মিরপুর ১২ নম্বরে ডি ব্লকের ২৯ নম্বর লাইনের ছয়তলা বাড়ির তিনতলায় থাকেন। বাড়িটি নতুন বলে সেখানে গ্যাস লাইন যায়নি। সেখানকার বাসিন্দারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। আজ বিকেল চারটার দিকে শাহানা রান্না করতে গ্যাস সিলিন্ডারযুক্ত চুলায় আগুন জ্বালান। তখন সিলিন্ডারের লাইন থেকে আগুনের ফুলকি বের হয়ে তার কাপড়ে ধরে যায়। তখন তার চিৎকারে স্বামী রনি তাকে রক্ষা করতে গেলে তিনিও দগ্ধ হন। তখন আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকেরা সাংবাদিকদের জানান, শাহানার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। আর রনি সামান্য পুড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কীভাবে ওই দম্পতি দগ্ধ হলেন, তা এখন পর্যন্ত জানতে পারিনি।’


